Sylhet Today 24 PRINT

বধির ক্রিকেটলিগে শিরোপা জয়ী রাসেলকে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ফেব্রুয়ারী, ২০২০

বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়ন দেউলগ্রাম বাসীর উদ্যোগে বধির ক্রিকেট লীগের আইডিপিএল শিরোপা জয়ী ও প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত রাসেল আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে দেউলগ্রাম দ্বি-বার্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

দেউলগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহুল বর চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম।

প্রধান অতিথি বলেন, রাসেলের মতো নতুন প্রজন্ম পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক ও অপরাধ প্রবণতা থেকে রক্ষা পাবে। রাসেলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রাসেল দেউলগ্রাম এলাকা তথা সিলেটের মুখ উজ্জ্বল করেছে। নতুন প্রজন্মের যারা ক্রিকেট চর্চা করছেন, তাদের কাছে রাসেল এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে। সে প্রমাণ করেছেন অদম্য ইচ্ছা থাকলে যেকোনো কঠিন চ্যালেঞ্জ জয়ও সম্ভব।

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন ইন্ডিয়ান বধির ক্রিকেট লীগে আইডিপিএল শিরোপা জয়ী রাসেল আহমদ।

জাবেদুর রহমান জুবেরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এফ.এম আবু তাহের, গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ইউকে’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ এস’র সভাপতি মোহাম্মদ শাহিন, সমাজসেবী জয়নুল সিদ্দিকী, যুবলীগ নেতা মো.আবুল হাসান কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.