Sylhet Today 24 PRINT

লেবুর হালি ২ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৫

এক হালির লেবুর দাম দুই হাজার টাকা। অবিশ্বাস্য মনে হলেও সিলেটের সবজি বাজারগুলোতে গিয়ে দেখা গেছে লেবুর এমন উর্ধমূল্য। বড় বড় সাইজের জারা লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।

বিক্রেতারা জানিয়েছেন, রসে টুইটুম্বুর এবং খোসাও খাওয়া যায় বলে সিলেট অঞ্চলের ক্রেতাদের কাছে জারা লেবুর চাহিদা অধিক। কোরবানির মৌসুমে এ লেবুর চাহিদা আরো বাড়ে। ফলে দাম কিছুটা বেড়েছে। তবে বিক্রেতারা জানান, চাহিদার কারণে সারাবছরই জারা লেবুর দাম বেশি থাকে।

বুধবার নগরীর বন্দরবাজার ও আম্বরখানা গিয়ে দেখা যায়, আকৃতি অনুসারে জারা লেবুর হালি ৫শ’ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের জারা লেবু হালি প্রতি ১৫শ’ থেকে ২ হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে। আর ছোট ও মাজারি সাইজের জারা লেবু বিক্রি হচ্ছে ৫ শ' থেকে থেকে ১ হাজার টাকায়।

বাজারের ক্রেতা ও বিক্রেতারা জানান, তীব্র গরমের কারণে এবার ঈদ মৌসুমে লেবুর চাহিদা আরো বেড়েছে।



সিলেট অঞ্চলের লেবু চাষীরা জানান, সিলেটের জৈস্তাপুর ও মৌলভীবাজারের জুড়ি ও শ্রীমঙ্গলে প্রচুর পরিমান জারা লেবুর চাষ হয়। আকারে বিশাল ও খেতে সুস্বাদু হওয়ায় সিলেট এ লেবুর চাহিদাও সর্বাধিক। এছাড়া এই লেবু ইল্যান্ড, আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে রপ্তানী হয়ে থাকে।

নগরীর সোবাহানীঘাটস্থ পাইকারী বাজার সিলেট ট্রেড সেন্টারে গিয়ে দেখা যায়, এ বাজারে বড় সাইজের জারা লেবু হালি প্রতি ১৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫ টাকা করে কাগজি লেবুর হালি বিক্রি হচ্ছে এ বাজারে।

বিক্রেতারা জানান, এমনিতে সারা বছরই সিলেটে জারা লেবুর চাহিদা থাকে। কোরবানির ঈদে এ লেবুর চাহিদা আরো বেড়ে যায়। এ কারণে দাম কিছুটা বেড়েছে।

সিলেটের জৈন্তাপুরের লেবু চাষি মবশ্বির আলী বলেন, এবার লেবুর উৎপাদন ভালো হয়নি। ফলে বাজারে চাহিদা মাফিক লেবু সরবরাহ করা যাচ্ছে না। একারণে দাম বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.