কমলগঞ্জ প্রতিনিধি | ০১ মার্চ, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে বেত কেটে পাচারকালে আবু বকর সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বনকর্মীরা।
রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৬টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ৫ বান্ডিল বেতসহ আবু বকর সিদ্দিককে আটক করা হয়।
জানা যায়, কমলগঞ্জ সরর ইউনিয়নের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বাঘমারা গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক। তিনি এ উদ্যানের বন থেকে রোববার ভোর সাড়ে ৬টায় বেত কেটে ৫টি বান্ডিল করে সড়কের পাশে রেখে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় লাউয়াছড়া বনবিটের বনকর্মীরা ৫ বান্ডিল বেতসহ আবু বকর সিদ্দিককে আটক করে। পরে তাকে দ্রুত মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বেতসহ এক ব্যক্তির আটকের সত্যতা নিশ্চিত করেন।