সিলেটটুডে ডেস্ক | ০১ মার্চ, ২০২০
সিলেটের মালনীছড়া চা বাগানে সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ, ধাত্রীর পৃথক কক্ষ প্রদান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপন ও জনবল বৃদ্ধি করে সেবার মান উন্নত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
রোববার সকাল সাড়ে ৭ টায় মালনীছড়া চা বাগানের অফিস গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক। সন্তোষ নায়েকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক হৃদেশ মুদি।
আরোও বক্তব্য রাখেন শান্তি যাদব, অঞ্জলী মুদি, সুবল নায়েক, রুহুল আমিন, স্বপন চাষা, হরি সবর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ বছর ধরে এই চা বাগানে নিয়মিত ডাক্তার থাকছে না। ডাক্তার ১১/১২ টায় আসেন এবং দেড়টার মধ্যে চলে যান। এর ফলে শ্রমিকরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি ছোট ছোট শিশু, স্কুল পড়ুয়া সন্তানদের ডাক্তার দেখানোর সুযোগ নেই। ধাত্রীর পৃথক কক্ষ না থাকার কারণে প্রসূতি নারীরা সাচ্ছন্দে তাদের সমস্যার কথা বলতে পারে না। এর ফলে অনেক জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়া ডিসপেনসারী কম্পাউন্ডে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নেই। বাগানে শ্রমিক সংখ্যা ও রোগীর সংখ্যা বাড়লেও অবকাঠামো ও জনবল বৃদ্ধি করা হচ্ছে না।
মানববন্ধনে বক্তারা চা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির হাত থেকে বাঁচাতে অবিলম্বে ৪ দফা দাবি মেনে নিতে বাগান কর্তৃপক্ষকে আহবান জানান।