Sylhet Today 24 PRINT

বিএনপি আম-ছালা দু’টোই হারাবে: হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৫

সন্ত্রাস ছেড়ে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে না এলে, গণতন্ত্রের ধারায় না ফিরলে বিএনপি আম-ছালা দু’টোই হারাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।
হুইপ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি আম হারিয়েছে।

আগামী ২০১৯ সালের নির্বাচনে অংশ না নিলে ছালাও হরাবে। বিএনপির অবস্থা শেষ পর্যন্ত মুসলিম লীগের মতো হবে।
হুইপ ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে সদর ইউপির গঙ্গারজল গ্রামে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে ৭৪ পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার মাধ্যমে দেশে জঙ্গীবাদের রাজত্ব কায়েম করার অপচেষ্টায় লিপ্ত ছিল। বর্তমান সরকার জনগণকে সাথে নিয়ে তাদের অপচেষ্টা প্রতিহত করেছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ৷ দেশের খাদ্য শস্য বিদেশে রপ্তানী হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন হলে দেশের উন্নয়ন হয়। আর অন্য দিকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে জঙ্গীবাদের উত্থান হয়৷

অনুষ্ঠানে হাজী আকমল আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি ময়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকাননন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ডিজিএম নীল মাধব বণিক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ, আওয়ামীলীগ নেতা আব্দুন নূর, শিক্ষক বদর উদ্দিন, ইউপি সদস্য আলা-উদ্দিন, মঈন উদ্দিন, সিরাজ উদ্দিন, আব্দুস ছালাম, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, মোহাম্মদ আলী, নূর উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.