বাহুবল প্রতিনিধি | ০৫ মার্চ, ২০২০
হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে এক বেকারি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার পুটিজুরীস্থ মো. মাসুদুর আলমের মালিকানাধীন হযরত শাহ পরাণ বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, পুটিজুরী বাজারে হযরত শাহপরান বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রং ও ক্ষতিকারক পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে বেকারির কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় বেকারির মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাবার তৈরির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’