Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস সন্দেহে দুবাইফেরত সিলেটের যুবকের রক্ত যাচ্ছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাভাইরাসে সনাক্ত করার কোন পরীক্ষা সিলেটে না থাকায় তার রক্তের স্যাম্পল ঢাকায় পাঠানো হচ্ছে।

বুধবার রাতে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনা সন্দেহে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, দুবাইপ্রবাসী কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে জাকারিয়া (৩২) বুধবার ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখেন। তখন তার কাছ থেকে সমস্যাগুলো শুনেন। যেগুলো করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সবগুলো লক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরে জেলা প্রশাসনের নির্দেশে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনা সন্দেহে ভর্তি যুবকের রক্ত সংগ্রহ করেছে আইসিসিডিআর’র টিম। এখন রক্ত ঢাকায় পাঠিয়ে টেস্ট করা হবে আসলেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না। টেস্টের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে এই যুবককে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.