Sylhet Today 24 PRINT

ভারতে সাম্প্রদায়িক হামলা ও মোদীর সফরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে ও ভারতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা।

বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর সিটি পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাছানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, উদীচী সিলেট জেলার অন্যতম সম্পাদক সন্দীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, ছাত্র ইউনিয়ন মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। দিল্লিতে আন্দলনকারীদের উপর হামলা ও হত্যা তার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।

বক্তারা আরো বলেন, ভারতে দিল্লিসহ সারা ভারতে যে সাম্প্রদায়িক সন্ত্রাস চলেছে তার জন্য দায়ী নরেন্দ্র মোদী। তাই মোদীকে বাংলাদেশ কখনো আসতে দেওয়া হবে না।

এছাড়া বক্তারা দিল্লির হামলাকে কেন্দ্র করে বাংলাদেশে কোন সাম্প্রদায়িক হামলার ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার এবং জনগণকে সজাগ থাকার আহ্বানও জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.