Sylhet Today 24 PRINT

যুবকদের মোবাইল নির্ভর না হয়ে বই পড়তে হবে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০২০

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন যুবকরাই আমাদের দেশের অর্থনীতির মূল সম্পদ। তারাই নেতৃত্ব দেবে আগামীর বিশ্ব। তাই যুবকদের ভাল করে পড়তে হবে, জানতে হবে। বইয়ের পাতায় মনোনিবেশ করতে হবে। এখন আমাদের যুবকরা সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশী সময় কাটায়। তাদের মেধা মনন শুধু মোবাইল নির্ভর। বই পড়লে জ্ঞান বাড়ে, নেতৃত্ব ফুটে উঠে সেটি মাথায় রাখতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে তিন দিনব্যাপী রোটারি ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড (রায়লা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। শহরতলীর পীরেরবাজার ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, লিডারশীপ এমনি এমনি হয়না। এ জন্য যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। যারা যত বেশী যোগ্য বুঝতে হবে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। যারা নেতৃত্ব দিতে চায় তারা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী পড়ে, নেতৃত্ব কি সেটি বুঝতে পারবে। তিনি কর্মশালায় উপস্থিত যুবকদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন বইটি পড়ার আহবান জানান।

রায়লার সভাপতি এডভোকেট হোসাইন আহমদ শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ গভর্নর এম আতাউর রহমান পীর। কর্মশালায় দেড়শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালা শেষ হবে আগামী শনিবার।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারি ডিসট্রিক্ট সেক্রেটারি নিরেশ চন্দ্র দাস, এক্সিকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান সেলিম খান, ডিসট্রিক্ট রোটারেক্ট কমিটির চেয়ারম্যান মাসুদ আহমদ চৌধুরী, লেফটেন্যান্ট গভর্নর মীর মাহবুব আলম, ডিসট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান, ডেপুটি গভর্নর বদরুল আলম, এসিস্ট্যান্ট গভর্নর হানিফ মোহাম্মদ, ওয়াদুদ আল মামুন, সাইফুল ইসলাম, ডিসট্রিক্ট ফাস্ট লেডি ফিরুজা রহমান জালালাবাদ ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট ডা. জাকারিয়া সিলেট বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট, সদস্য বৃন্দ সহ অনেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.