Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত আরও ৬

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০২০

ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোর যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে চারজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

এছাড়া মাইক্রোবাসের আহত চার আরোহীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ওই মাইক্রোবাসের যাত্রীরা নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিলেন মাজার জিয়ারত করতে। আর লিমন পরিবহনের বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ভাটি কালিসীমা এলাকায় দুই বাহনের মুখামুখি সংঘর্ষে হলে মাইক্রোবাসে আগুন ধরে যায়। তাতে ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।’

এদিকে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেনি। তবে দুর্ঘটনায় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে সেখান থেকেই আগুন লাগে বলে ধারণা করছেন পুলিশ।

ওসি মাইনুল ইসলাম আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।’

এদিকে শুক্রবার ভোরে হবিগঞ্জের নবীগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত আটজন নিহত হন। উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কেই এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.