Sylhet Today 24 PRINT

আলোচিত শিশু তুহিন হত্যা: চাচাতো ভাইয়ের ৮ বছরের আটকাদেশ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত শিশু তুহিন হত্যাকাণ্ডে চাচাতো ভাই শাহরিয়ার আহমদ (১৭) কে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শিশু আদালতে বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহরিয়ারের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালত তাকে ৮ বছরের আটকাদেশ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের লাশ পাওয়া যায়। এ সময় তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল ও পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন।

এই মামলায় পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং ১৭ বছর বয়সী চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশ তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। তাছাড়া তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকি ৪ আসামির রায় প্রদান করা হবে ১৬ মার্চ জেলা দায়রা জজ আদালতে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শিশু আদালতে পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, দ্রুত সময়ে মধ্যে আলোচিত তুহিন হত্যার একজনের রায় প্রদান করা হয়েছে। যেহেতু আসামির বসয় ১৮ বছরের কম তাই আদালত তাকে ৮ বছরের আটকাদেশ দেন। বাকি আসামিদের রায় ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.