Sylhet Today 24 PRINT

জুড়ীতে মাস্ক সঙ্কট!

জুড়ী প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২০

দেশে করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর মৌলভীবাজারের জুড়ী উপজেলাতে মাস্কের সংকট দেখা দিয়েছে। কাপড়ের দোকান বা ফার্মেসী কোথাও মাস্ক নেই।

মঙ্গলবার শহরের সকল ফার্র্মেসি ও কাপড়ের দোকান ঘুরে দেখা যায়, কোথাও মাস্ক নেই।

কাপড় ব্যবসায়ী আমাদের ফ্যাশনের মালিক তারেক আহমেদ বলেন, ঢাকা থেকে এক ডজন মাস্ক এনেছিলাম ৪৫০টাকা দরে। সে মাস্ক এখন ঢাকায় পাইকারী দরে আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাও মাস্ক পাওয়া যাচ্ছে না।

পাইকারী কাপড় ব্যবসায়ী ছবির চৌধুরী বলেন, দেশে কাপড়ের তৈরি সাধারণ মানের মাস্ক আমরা যেটা পাইকারী ৯টাকা দরে বিক্রি করতাম, সেটা ঢাকায় সীমিত আকারে ৭০/৮০টাকায় বিক্রি হচ্ছে। ভালমানের মাস্ক ১৫০/২০০টাকা। কিন্তু সরবরাহ নেই বললেই চলে।

আলী ফার্মেসির সত্ত্বাধিকারী মাহবুবুর রহমান, জালালাবাদ ফার্মেসীর সমির উদ্দিন জানান, ঢাকার কয়েকজন বিক্রেতা জুড়ীতে মাস্ক সরবরাহ করত। করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে ওরা আর পণ্য নিয়ে আসছে না। জালালাবাদ ফার্মেসির সমীর উদ্দিন অভিযোগ করে বলেন, মাস্ক মূলত চীন থেকে আমদানী হয়। ঢাকার আমদানীকারকগণ মাস্ক মজুদ করে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিয়েছেন। তাছাড়া দেশীয় গার্মেন্টস ব্যবসায়ীদের উৎপাদিত মাস্ক একই ভাবে সরবরাহ কমিয়ে দাম বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, কোথাও মাস্ক বেশি দামে বিক্রি হলে অভিযান পরিচালনা করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.