Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দরে বসলো ‘থার্মাল স্ক্যানার’

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০২০

অবশেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে ‘থার্মাল স্ক্যানার’। মঙ্গলবার দুপুরে এই স্ক্যানারটি বসানো হয়।

দীর্ঘদিন ধরে এই বিমানবন্দরের থার্মাল স্ক্যানার নষ্ট ছিলো। করোনাভাইরাস ঝুঁকির কথা বিবেচনা করে মঙ্গলবার এখানে নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়।

ওসমানীতে থার্মাল স্ক্যানার বসানোর বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, বিদেশ থেকে আমদানিকৃত নতুন থার্মাল স্ক্যানার (জ্বর পরিমাপক স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র) মঙ্গলবার সকাল ৮টায় ওসমানী বিমানবন্দরে বসানোর কাজ শুরু হয়। দুপুর ১২টায় এটি বসানোর কাজ শেষ হয়।

সিভিল সার্জন আরো জানান, থার্মাল স্ক্যানার দিয়ে এখন বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তামপাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম দেওয়া হচ্ছে।

প্রায় দেড় বছর ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের থার্মাল স্ক্যানার বিকল হয়ে ছিল। সম্প্রতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের জ্বর পরিমাপের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। ওই সময়ই ধরা পড়ে ওসমানী বিমানবন্দরের থার্মাল স্ক্যানার বিকল থাকার বিষয়টি।

থার্মাল স্ক্যানার বিকল থাকায় ‘হ্যান্ডহেল্ড (হাতে বহনযোগ্য) থার্মোমিটার’ দিয়ে জ্বর পরিমাপ করা হচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.