কুলাউড়া প্রতিনিধি | ১২ মার্চ, ২০২০
মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের অনুষ্ঠানে এসে একটি কমিউনিটি সেন্টারের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম পুলক দে (২৩) । বুধবার রাত আনুমানিক ১১টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত পুলক দে মৃগী রোগি ছিলেন।
জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের প্রনব দে’র পুত্র পুলক দে বুধবার রাতে তাঁর পরিবারের লোকজনের সাথে বিয়ের নিমন্ত্রণ খেতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যান। একপর্যায়ে তিনি সেন্টারের ৩য় তলা গেলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। সেখানে রাত আনুমানিক ১১টায় কিছু পড়ার শব্দ শুনে বিয়েতে অংশ নেয়া অন্যান্য অতিথিরা ছাদে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। এ সময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে পুলক দের মৃত্যু হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।