নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর, ২০১৫
ফাইল ছবি
আজ (শুক্রবার) রাত ১২ টা থেকে সারাদেশের সকল সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়বে। বন্ধ থাকবে শনিবার রাত ১২ টা পর্যন্ত। ফলে শুক্রবার সন্ধ্যা থেকেই গ্যাস সংগ্রহের জন্য নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন।
ঈদের দিন হওয়ার এমনিতে রাস্তাঘাটে যানবাহন কম থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে উল্টোচিত্র। গ্যাস সংগ্রহের জন্য গাড়ি নিয়ে ভিড় করেছেন চলকরা। ফলে নগরীর কয়েক'টি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, ফিলিং স্টেশন ছাড়িয়ে সড়ক পর্যন্ত লেগে আছে দীর্ঘ লাইন।
চালকরা জানিয়েছেন, শনিবার গ্যাস মিলবে না, তাই আগামীদিনের জন্য গ্যাস সংগ্রহ করে নিচ্ছেন তারা।
নগরীর সোবাহানি ঘাটে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা অটোরিকশা চলক জয়নাল আবেদীন বলেন, রাত থেকে গ্যাস সরবাহ বন্ধ হয়ে পড়বে। অথচ ঈদের পরদিন মানুষ জন আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যায়। ঘুরতে বেড়োয়। এক্ষেত্রে অটােরিকশাই তাদের পছন্দ। তাই গ্যাস না থাকলে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হবো তেমনি মানুষজনও ভোগান্তিতে পড়বে। একারণে ঈদের রাতেও গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েছি।
কদমতলীর নাঈম সিএনজি ফলিং স্টেশনের কর্মকর্তা আব্দুল বাসিত বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ১২ টার পর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। এর আগে যারা আসবে তাদের গ্যাস দেওয়া হবে।
উল্লেখ্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিয়ানা থেকে গ্যাস উত্তোলন আজ রাত ১২ টা থেকে একদিন বন্ধ থাকবে। এজন্য ওই সময় সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।