Sylhet Today 24 PRINT

৯৯৯ এ ফোন দিয়ে সরকারি গাছ জব্দ করালো এলাকাবাসী

কুলাউড়া প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া ভূমি অফিসের সম্মুখে সরকারী পুকুর পাড়ে মূল্যবান দুইটি রেন্টি গাছ কাটছিলেন স্থানীয় এক বাসিন্দা। খবরটি স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এর মাধ্যমে অভিযোগ করার পর গাছগুলো জব্দ করেছে থানা পুলিশ। গাছ দুইটির আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সম্মুখে পুকুরের উত্তরপারের ওই গাছ দুইটি শনিবার সকাল থেকেই কাটা শুরু করেন স্থানীয় বাসিন্দা নিপার মিয়া ও তার ছেলে জেবলু মিয়া। গাছগুলো সরকারি জমিতে অবস্থিত বলে স্থানীয়রা জানান।

গাছ কাটার বিষয়ে স্থানীয় এলাকাবাসী ৯৯৯ এ অভিযোগ করলে কুলাউড়া থানা পুলিশ উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করে। গাছ কাটার বিষয়ে জেবলু মিয়া জানান, তিনি তাদের লিজকৃত জমি থেকে গাছগুলো কেটেছেন। তবে লিজের কোন কাগজ দেখাতে পারেননি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত গাছগুলো জব্দ করে পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম বলেন, বিষয়টি জেনেছি। রোববার সকালে জমি সার্ভে করে সরকারি জমি কিনা লিজকৃত জমি সেটা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গাছ কাটার বিষয়ে তারা আমাদের অনুমতি নেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, সরকারি জমি থেকে গাছ কাটার বিষয়টি সঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.