নিজস্ব প্রতিবেদক | ১৪ মার্চ, ২০২০
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা এবং সাংবাদিক আরিফুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করবে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সিলেট।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে সিলেটের কর্মরত সকল সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতি কামনা করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সিলেট।
উল্লেখ্য, সম্প্রতি ‘পাপিয়ার মুখে আমলা, এমপি, ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনামে এক সংবাদ প্রকাশ করে দৈনিক মানবজমিন। এই সংবাদে ক্ষুব্ধ হয়ে মাগুরা-১ আসনের সরকারদলীয় এমপি সাইফুজ্জামান শিখর মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, শুক্রবার গভীর রাতে অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের বাসার দরজা ভেঙে প্রবেশ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তারা আরিফুলকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একবছরের কারাদণ্ড দেয়। এই ঘটনায় আরিফুল ইসলামের পরিবার দায়ী করছেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনকে। আরিফুলের পরিবারের দাবি জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন সরকারি অর্থে একটি পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করার সংবাদ গত বছর বাংলা ট্রিবিউনে প্রকাশ করেন আরিফুল। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন ডিসি। এছাড়া, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ নিয়ে ডিসি সুলতানা পারভীনের অনিয়ম নিয়েও প্রতিবেদন তৈরি করেন আরিফুল।