Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়ার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে আদালতের ওয়ারেন্টভূক্ত এক আসামীকে পুলিশের এসআই কর্তৃক গ্রেপ্তারের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার এলাকায় একটি চায়ের দোকান থেকে সোনামণি সিংহ নামে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার করে কিছুদূর নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দেয় এমন অভিযোগ উঠেছে। তবে পুলিশ দাবি করছে আসামীর বাবার নামে ভুল ও সঠিক আসামী সনাক্ত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে ।

মামলার বাদি কালামানু সিংহ জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ১ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী বাড়িতে যাওয়ার সময় মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামের প্রয়াত মনিন্দ্র কুমার সিংহের ছেলে সোনামণি সিংহ (৩৩) ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে আহত করে। এ ঘটনায় সোনামণি সিংহকে আসামী করে গত ২ ফেব্রুয়ারি মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর- (৫৭/২০২০) মামলা দায়ের করেন।

মামলায় আদালত সোনামণি সিংহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম আসামীকে আটক করতে শিববাজার এলাকায় যান। সেখানে একটি চায়ের দোকানে কালামানু সিংহ মামলার আসামী সোনামণি সিংহকে সনাক্ত করে দেয়ার পর পুলিশ তাকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর জানতে পারেন তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কালামানু সিংহ দুঃখ প্রকাশ করেন।

তবে অভিযোগ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম বাদির অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আসামীর বাবার নামের সাথে মিল না থাকায় এবং সঠিক আসামী না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।  

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, বাদির অভিযোগ সঠিক নয়। আসামীর বাবার নামের সাথে মিল ছিল না ও সঠিক আসামী ছিল না। এধরণের আসামী আটকের পর আইনি ঝামেলা পোহাতে হবে। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.