নিজস্ব প্রতিবেদক | ১৫ মার্চ, ২০২০
সিলেটর কানাইঘাট থানা এলাকা থেকে অবৈধ বিদেশি সিগারেট ও পাতাবিড়িসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন দক্ষিণ বড়দেশ গ্রামের সরদারি পাড়াস্থ আসামির নিজ বসত বাড়ী হতে ২ লক্ষ ৯০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট ও ৬ লক্ষ ৭৯ হাজার পিস পাতাবিড়িসহ একজন পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. ফারুখ আহমেদ (৬৩), পিতা- মৃত হাজী রফিকুল হক, সাং-বড়দেশ (দক্ষিণ) সরদারি পাড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।