Sylhet Today 24 PRINT

নতুন কোচ পাচ্ছে কালনী, ২৬ মার্চ চলাচল শুরুর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০২০

ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় পর আন্তঃনগর ট্রেনের মানে উন্নীত হচ্ছে কালনী এক্সপ্রেস। ২০১২ সালে চালু হওয়া ট্রেনটি এতদিন মেইল এক্সপ্রেস ট্রেনের কোচ ও সুবিধা নিয়ে যাত্রী পরিবহন করত। তবে এখন এ ট্রেনে আন্তঃনগর মানের কোচ সংযোজন করা হচ্ছে। ২৬ মার্চ নতুন রেক নিয়ে ট্রেনটি আনুষ্ঠানিক চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ে সূত্র জানায়, ২০১১ সালের ২২ ডিসেম্বর তত্কালীন রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা-সিলেট রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালানোর ঘোষণা দেন। ২০১২ সালের ১৫ মে কালনী এক্সপ্রেস নামের ট্রেনটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে শোভন শ্রেণীর আসন থাকায় ট্রেনটির মান আন্তঃনগর হিসেবে গণ্য করা হতো না। এখন দুটি ট্রেনকেই আন্তঃনগর মানে উন্নীত করা হচ্ছে।

সূত্র জানায়, দেশের বিভিন্ন আন্তঃনগর ট্রেনে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ সংযোজনের ফলে শতাধিক পুরনো কোচ অবমুক্ত হচ্ছে। এসব কোচ সংযোজন করে কিছু কিছু ট্রেনের মান উন্নীত করার পরিকল্পনা হাতে নেয় রেলের পরিবহন বিভাগ। এ ব্যাপারে গত ২০ ফেব্রুয়ারি রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে সম্মতি দেয়া হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের দপ্তরে পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, অবমুক্ত হওয়া কোচ দিয়ে জরাজীর্ণ ট্রেনগুলোর রেক পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে কালনী এক্সপ্রেস ট্রেনটিকে আধুনিক মানের ট্রেনে উন্নীত করা হচ্ছে। এতে যাত্রীসেবার মান বৃদ্ধির পাশাপাশি রেলের রাজস্ব আয় আরো বাড়বে।

রেলের কর্মকর্তারা জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে চীন থেকে আমদানি করা কোচ দিয়ে (সাদা কোচ) কালনী এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তন করা হচ্ছে। আগে ট্রেনটিতে আসন সংখ্যা ছিল ৪৮৬। নতুন নিয়মে ট্রেনটির রেক কম্পোজিশন হবে ১২/২৪ এবং আসন সংখ্যা হবে ৫৪২। কালনী এক্সপ্রেসের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে নতুন রেক নিয়ে চলাচল শুরুর সম্ভাবনা আছে।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, রেলে দীর্ঘদিন ধরে কোচ সংকট ছিল। বর্তমানে নতুন কোচ আমদানি শুরু হয়েছে। আমরা নতুন কোচ সংযোজনের পর অবমুক্ত কোচগুলো অন্যান্য ট্রেনে সংযোজন করছি। এর অংশ হিসেবে কালনী এক্সপ্রেস ট্রেনে ভালো মানের কোচ দেয়া হচ্ছে। ২৬ মার্চ সংযোজিত নতুন রেক দিয়ে ট্রেন দুটিতে যাত্রী পরিবহন শুরু হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.