Sylhet Today 24 PRINT

সিলেটে আইসোলেশনে প্রবাসী নারী

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০২০

সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে লন্ডন ফেরত এক প্রবাসী নারীকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়।

এর আগে প্রবাসী এ নারী চিকিৎসা নিতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। তবে সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠান।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিলটটুডে টোয়েন্টিফোর ডটকমককে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, করোনা আইসোলেশন সেন্টারে থাকা লন্ডন প্রবাসী নারী  ১৩ দিন আগে দেশে আসেন। এরপর থেকে জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। গত রাতে তিনি বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে করোনা আক্রান্ত সন্দেহে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। পরে করোনা আইসোলেশন সেন্টারে রাখা হয়।

এদিকে মঙ্গলবার সকালে ঐ নারীকে দেখতে চিকিৎসকরা হাসপাতালে যান জানিয়ে তিনি বলেন, কাশি বা করোনার অন্যকোন উপসর্গ লন্ডন প্রবাসী ঐ মহিলার মধ্যে নেই। তাই মনে হচ্ছে না তিনি করোনা আক্রান্ত। তবে ১-২ দিন দেখে তাকে বাসায় পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.