বড়লেখা প্রতিনিধি | ১৭ মার্চ, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (১৭ মার্চ) বিদেশ ফেরত আরও ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে ১৪ দিনের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যায়। এই ১০ ব্যক্তির সকলেই বড়লেখার বাসিন্দা। এনিয়ে তিনদিনে উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৭জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিদেশ ফেরত ১০ জনের মাঝে ৭ জন দুবাই, ২ জন কুয়েত ও ১ জন কাতার থেকে সম্প্রতি দেশে এসেছেন। এরআগে গত রোববার (১৫ মার্চ) ২ জনকে ও সোমবার (১৬ মার্চ) ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এই ৭ ব্যক্তির কেউ ইতালি, কেউ ফ্রান্স আবার কেউ যুক্তরাজ্য ফেরত।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টায় বলেন, ‘বড়লেখায় বিদেশ থেকে আগত সকলের তথ্য সংগ্রহের কাজ চলছে। নতুন করে আরও ১০জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তাদের করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই।’