Sylhet Today 24 PRINT

‘হোম কোয়ারেন্টিনে’ না থেকে বিলে মাছ ধরতে গেলেন তিনি

বড়লেখা প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক ব্যক্তি ছয়দিন আগে দুবাই থেকে দেশে ফেরেন। নিয়ম অনুযায়ী তার ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার কথা। কিন্তু এই নির্দেশনা উপেক্ষা করে তিনি বুধবার (১৮ মার্চ) গ্রামের একটি বিলে মাছ ধরতে যান।

বড়লেখা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) প্রতিদিনের মত প্রবাস ফেরতদের তথ্য সংগ্রহে বিভিন্ন এলাকায় যান স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা ব্যক্তিদেরও খোঁজখবর রাখছিলেন। এসময় বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে ঘরে পাওয়া যায়নি।

বাড়ির লোকজন জানান, তিনি গ্রামের অদূরে একটি বিলে মাছ ধরতে গেছেন। স্বাস্থ্যকর্মী পরে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তি বাড়ি আসলে জনপ্রতিনিধি তাকে সতর্ক করে বাধ্যতামূলক ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার কথা বলেন। ওই ব্যক্তির বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নে।

এদিকে, একই ইউনিয়নের আরেকব্যক্তিকে বাড়ির পাশের পুকুরে স্নান করতে পাওয়া যায়। তিনি দিব্যি সবার সাথে কথা বলছিলেন। বর্ণি ইউনিয়নের আরও দুই যুবক এক সপ্তাহ হয়েছে দেশে ফেরেন। একজন নতুন মোটরসাইকেল কিনে ঘুরছেন। অন্যজন বাজারে ঘুরেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, বড়লেখা উপজেলায় বুধবার (১৮ মার্চ) রাত ৯টা পর্যন্ত নতুন করে প্রবাস ফেরত আরও ৭ জনসহ গত চারদিনে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এরা সকলেই বড়লেখার বাসিন্দা।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টায় বলেন, ‘বড়লেখায় নতুন করে আরও ৭ জনসহ হোম কোয়ারেন্টিনে আছেন ২৪ জন। কয়েকজনের বাইরে ঘোরাফেরা খবর আমরা পেয়েছি। স্বাস্থ্যকর্মীসহ প্রশাসনের নজরদারি রয়েছে। কোয়ারেন্টিন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাস ফেরত সকলের প্রতি অনুরোধ নিজেকে নিরাপদে রাখুন। পরিবারও দেশের মানুষের কথা ভেবে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.