Sylhet Today 24 PRINT

ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিলেটের পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০২০

সিলেটের বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, এবং নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটেও পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টে সিলেটের পুলিশ সুপার বলেন, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা তৈরির লক্ষে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যখন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করছি ঠিক তখন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের সরবরাহ ঘাটতির অজুহাতে কিছু জিনিষের দাম বৃদ্ধির কৌশল নিয়েছিল। বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন যৌথভাবে জিনিষপত্রের দাম স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি এলাকায় বাজার মনিটরিং করতে শুরু করে। এর ধারাবাহিকতায় অনেক জায়গায় কিছু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, একটি বিষয় পরিলক্ষিত হয় যে, করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতির কারণে বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বন্ধ হয়ে যাবে মর্মে একটি অসাধু চক্র গুজব ছড়াচ্ছে। এরকম তথ্যে বিভ্রান্ত হয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের আতংক তৈরি হচ্ছে। যার দরুন মানুষ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনতে খুচরা দোকানিদের কাছে ভিড় করছে। প্রকৃতপক্ষে বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নাই।

তিনি আরও জানান, ইতোমধ্যে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা হয়েছে, উনারাও আমাদের নিশ্চিত করেছেন যে করোনা পরিস্থিতির কারণে বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহে কোন প্রভাব পরবে না। বৃহস্পতিবার এবং শুক্রবার দেশের বিভিন্ন পাইকারি বাজার হতে স্বাভাবিকের চেয়ে প্রচুর পরিমাণ নিত্যপণ্য বোঝাই ট্রাক সিলেটের কালীঘাটসহ বিভিন্ন বাজারে এসেছে মর্মে আমাদের কাছে তথ্য এসেছে। কাজেই বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বন্ধ হওয়ার কোন আশংকা নেই।

মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আমাদের গোয়েন্দা তথ্য মতে রাত দশটার পরে সিলেটের সুরমা মার্কেট থেকে কালীঘাট পর্যন্ত নিত্যপণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে মর্মে জানা যায়। কাজেই বাজারে সরবরাহ কমে যাবে বলে যারা প্রয়োজনের অধিক নিত্যপণ্য কিনে মজুদ করছেন আপনাদের কাছে অনুরোধ অযথা বিভ্রান্ত হয়ে প্রতারণার শিকার হবেন না। পাইকারি বাজারের ব্যবসায়ীরা যেন কোন অজুহাতে বাজারে স্বাভাবিক সরবরাহ বন্ধ কিংবা দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি রয়েছে।

বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাজেই কোনভাবেই বিভ্রান্ত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকবেন, বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.