সুনামগঞ্জ প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০১৫
সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে আশরাফুল নামের এক ব্যক্তি। শনিবার রাতে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে স্বামী পলাতক রয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে মারুফা বেগমের (১৮) সঙ্গে বছর খানেক আগে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের মৃত ওছিউদ্দিনের ছেলে আশরাফুলের বিয়ে হয়। এর পর থেকে নানা বিষয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। শনিবার পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ জানান, ধারালো দা দিয়ে মারুফার মাথায় কোপ দেয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।