বিয়ানীবাজার প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০১৫
সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরিণ মহাসড়কের মেওয়া ‘মায়ন চত্বর’ এলাকায় রোববার বিকাল ৫টার দিকে যাত্রিবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ঘটনাস্থল এলাকার উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রাম হাফিজিয়ার মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ (২০) খালাতো ভাইয়ের সাথে মেওয়া এলাকায় বেড়াতে আসে। মেওয়া মায়ন চত্বরের উপকণ্ঠে সড়ক দিয়ে যাওয়ার সময় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাস (সিলেট ব ১১-০০৫৪) তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক বাস জব্দ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে দুই ঘন্টা পর সড়ক থেকে বিক্ষুব্ধ জনতার অবরোধ তুলে নেয়। এ সময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।
চালক ও হেল্পার পালিয়েছে জানিয়ে বিয়ানীবাজার থানার এসআই পরিমল দে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।