হবিগঞ্জ প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত বিষয়ে হবিগঞ্জে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিমতলায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী।
মেলায় ১৬টি স্টলে জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। আগামী বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুরূপ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম বাবু। লাখাই উপজেলায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।