নিউজ ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০১৫
ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলনের মুখেই সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হলো।
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পূনঃপরীক্ষা গ্রহনের দাবীতে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ক্যাম্পাসে প্রবেশ করে আন্দেলনকারী শিক্ষার্থীরা।
সেখানে প্রবেশের পর পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পুলিশ তাদের রাস্তা আটকে দিলে সেখানেই দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকে তারা। এসময় পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। পরে কিছুক্ষন রাস্তায় বসে অবস্থান নেয়ার পর পুলিশী বাধা উপেক্ষা করে একাডেমিক ভবনের সামনের ফটকে গিয়ে আবস্থান নেয় তারা। সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা।
এসময় উত্তেজনা দেখা দিলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ক্যম্পাসে মোতায়েন করা হয় এপিসি ভ্যান।
ঘন্টাখানেক অবস্থান শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদল প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডা: মো. মোর্শেদ আহমদ চৌধুরীর সাথে দেখা করেন। এসময় তাঁর অনুরোধে মেডিকেল কলেজের ক্যম্পাস থেকে অবস্থান তুলে নেন শিক্ষার্থীরা।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগনে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এদিকে ফল বাতিলের দাবিতে একপক্ষের আন্দোলনের মুখেই আজ সকাল থেকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি
কার্যক্রম শুরু হয়েছে।
অধ্যক্ষ ডা: মো. মোর্শেদ আহমদ চৌধুরী জানান, আজ থেকে শুরু হওয়া ভর্তি প্রক্রিয়ায় এ আন্দোলন প্রভাব ফেলেনি। চলমান ভর্তি প্রক্রিয়া চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে আন্দোলনকারীরা জানান, কেন্দ্রের সাথে যোগাযোগ হচ্ছে। ফল বাতিল না হলে ঢাকা ঘেরাও করবেন তারা। সারাদেশ থেকে আন্দোলনকারী ভর্তিচ্ছূরা ঢাকায় গিয়ে অবস্থান নেবেন বলে জানান তারা।
সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো: সাজ্জাদ জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ন অন্দোলনে বাধা দেয়া হচ্ছে না। তাদের ক্যম্পাসের বাইরে আন্দোলনের জন্য অনুরোধ করা হয়েছে।