Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মাইকিং

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে মাইকিং ও বাজার মনিটরিং করা হয়।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পৌর এলাকার ভানুগাছ বাজারে মাইকিং ও মনিটরিং করে সচেতন করা হয়। মাইকিং বলা হয় উচ্চ মূল্য দ্রব্য সামগ্রী বিক্রি না করার জন্য এবং প্রয়োজনের অধিক পণ্য না কিনার জন্য । এ সময় থানা পুলিশের পাশাপাশি ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ দর পরীক্ষা করেন।

উপস্থিত জনসাধারণকে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অহেতুক কেউ গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা করলে কিংবা কেউ দাম বেশী রাখলে কিংবা কোন লোক পণ্য গুদামজাত করে রাখলে দেশের প্রচলিত বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনাভাইরাস সংক্রমণের আতংকে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। সাধারণ ক্রেতারা তাদের নিত্য-পণ্য কিনতে খুচরা দোকান গুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। করোনা আতংকের সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে চাল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.