Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দোকানপাটে জনসমাগম ও আড্ডায় নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের সকল দোকানপাটসহ রেস্টুরেন্টে সাধারণ মানুষের জনসমাগম, আড্ডা না দেওয়া ও দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সিনেমা এবং প্রোগ্রাম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শনিবার (২১ মার্চ) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পাড়া মহল্লা, হাটবাজারে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানদারগণ বিভিন্ন টিভি প্রোগ্রাম সিনেমা ও ভিডিও গেইম প্রচারপূর্বক জনসমাগম করছেন যার ফলে সাধারণ জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং অপ্রয়োজনীয়ভাবে সেখানে আড্ডা হচ্ছে। তাই স্থানীয় হাটবাজার, বাসস্টেশন, হোটেল-রেস্তোরায় গ্রোথ সেন্টারে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে সিনেমা, প্রোগ্রাম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। একই সাথে উল্লেখিত দোকানগুলোতে সকল ধরনের গণজমায়েত ও আড্ডা নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে এ ধরনের সম্প্রচার করলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ (ছবি ও ভিডিও) স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এদিকে এ বিজ্ঞপ্তি প্রকাশের পরই ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সকল চায়ের দোকান বন্ধসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে অযথা যাতে কেউ আড্ডা না দিতে পারে সেজন্য উপজেলার মানুষের কাছে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির জানান, আমাদের দেশে চায়ের দোকানে বেশি আড্ডা ও জনসমাগম যা বর্তমান সময়ের জন্য সকলের ঝুঁকি। তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করেছি চায়ের দোকান বন্ধ রাখার।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সাধারণ মানুষের জনসামগম ও আড্ডা না হয় সেজন্য সকল ধরনের দোকান-রেস্তোরায় টিভি চ্যানেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.