নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২০
নভেল করোনাভাইরাসের আতঙ্কে সিলেটে নগরীর বিভিন্ন মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটে দেখা নেই চিরচেনা ব্যস্ততার।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটি, সিলেট মিলেনিয়াম, ব্লু-ওয়াটার শপিং সিটি, বন্দবাজারের মধুবন সুপার মার্কেট এবং নয়াসড়কের সকল মার্কেট বা দোকান বন্ধ রাখা হয়।
এর আগে রোববার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার আহ্বান জানান।
নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা নয়াসড়কের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সিলেটের সকল দোকানপাট, শপিং সিটি ও মার্কেট অচিরেই বন্ধের সিদ্ধান্ত নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।