Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: কমলগঞ্জে বিয়ের আয়োজন বন্ধ করেছে পুলিশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের সরইবাড়ি গ্রামে একটি বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে কমলগঞ্জ থানার পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মাসুক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাস প্রতিরোধে অন্যান্য আয়োজনের মত বিয়ের আনুষ্ঠানিকতা নিষেধ করা হয়েছে। তারপরও সরইবাড়ি গ্রামে মাসুক মিয়া তার মেয়ের বিয়ের ব্যাপক আয়োজন করেন। বর কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন সঞ্জরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়ার ছেলে। বিয়ের জন্য কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের জন্য প্যান্ডেল করা হয়। এজন্য বড় পরিসরের আয়োজন করা হয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল সরইবাড়ি গ্রামের কনের বাড়িতে লোক সমাগম করে খাবার দাবার ও বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিজ উদ্যোগে ও জন প্রতিনিধিদের মাধ্যমে সর্বত্র আগেই জানিয়েছেন কোন আনুষ্ঠানিকতা ও লোক সমাগম করে বিয়ের আয়োজন করা যাবে না। ইতোমধ্যেই রহিমপুর ইউনিয়নের একটি বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে প্রশাসন কমিউনিটি সেন্টার মালিকের নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে। তারপরও কেন মানুষজন করোনাভাইরাস সংক্রমণের সর্তকতামূলক এ নির্দেশনা মানছে না? তাই বাধ্য হয়ে সরই বাড়ির সোমবারের এ বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বর-কনে দুটি পরিবার মিলে বিয়ের কাজ সম্পন্ন করতে পারবে বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.