Sylhet Today 24 PRINT

তাহিরপুরে সেনাবাহিনীর টহল ও প্রচারণা

তাহিরপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২০

করোনাভাইরাস ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে সেনাবাহিনীর টহল ও প্রচারাভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে স্থানীয় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব ও সতর্ক করতে এক প্লাটুন সেনাসদস্য উপজেলার বিভিন্ন হাটবাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলে প্রচারাভিযানে নামেন।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সদর, বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট, ইসলামপুর চকবাজার, আনোয়াপুর, বালিজুড়ি বাজারসহ একাধিক গ্রামীনহাটে প্রচারাভিযান চালানো হয়।

এসময় সেনা সদস্যরা করোনাভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা, গুজব না রটানো, আতংক সৃষ্টি না করা, বিনা প্রয়োজনে বসতবাড়ি হতে বের না হওয়া, হাট বাজারে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া. মুখে মাস্ক, হাতে গ্লাবস ব্যবহার করা, করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গণজমায়েত না হওয়া ও সরকারের জারিকৃত নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যনার্জী, সেনাবাহিনীর টহলকালীন প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন সিলেট জালালাবাদ সেনানিবাসের ৬১ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্লাটুন কমান্ডার ল্যাফটেনেন্ট জিসানসহ অন্যান্য সেনাসদস্য, বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হকসহ একদল পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন ।

ব্যবসায়ী সামায়ুন কবির জানান, আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে তাহলে এই করোনাভাইরাস প্রতিরোধ কার সম্ভব হবে। সকালে সেনাবাহিনীর টহল ও করোনাভাইরাস প্রতিরোধ হ্যান্ড মাইকে প্রচার চালায়। এসময় যারা বাজারের ছিল তারা আগ্রহ নিয়ে সেই প্রচার শুনেছে।

উপজেলা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার হুমায়ুন আহমদ জানান, সকালে হঠাৎ করে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে বাজারে টহল দেয় ও প্রচারণা চালায়। এটি একটি ভাল উদ্যোগ। বাজারে যারা ছিল সবাই আগ্রহ নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন তথ্য শুনেছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রচারণা চালানো হয়েছে।

বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া জানান, দুপুরে সেনাবাহিনীর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার এক সাথেই হ্যান্ড মাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রচার চালান। এবং সবাইকে সর্তক থাকার আহবান জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.