Sylhet Today 24 PRINT

করোনা মোকাবেলায় নিজের গাড়ি দিতে চান ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় নিজের গাড়িটি চিকিৎসকদের ব্যবহারের জন্যে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন তার নিজের এলাকা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের কাছে এই গাড়ি হস্তান্তরের আগ্রহের কথা জানান।

ব্যারিস্টার সুমন বলেন, বর্তমানে করোনাভাইরাসের কারণে লকডাউন অবস্থায় থাকা তার এই গাড়িটি ব্যবহৃত হচ্ছে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই গাড়িটি করোনা মোকাবেলার ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের ব্যবহারের জন্যে দেওয়ার।

চিকিৎসকদের ব্যবহারের জন্যে গাড়ি প্রদানের এই আগ্রহের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা লাইভে তাকে ধন্যবাদ জানান, এবং প্রয়োজন হলে গাড়ি নেওয়া হবে বলে জানান।

তিনি এসময় সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাদের গাড়ি বেশি আছে এই লকডাউনের সময়ে আপনাদের জন্মস্থানের চিকিৎসকদের জন্যে একটা গাড়ি দিয়ে রাখতে পারেন। এতে তাদের সুবিধা হবে।

তিনি এসময় স্থানীয়দের চিকিৎসকদের ব্যবহারের জন্যে কয়েকটি রেইনকোট প্রদান করে বলেন, শুনেছি এগুলোও সুরক্ষামূলক উপকরণ হিসেবে কাজে লাগে।

ব্যারিস্টার সুমন বলেন, লকডাউনের কারণে আমাদের অনেকের সুযোগ নাই সামনে থেকে কাজ করার। তাই এই সময়ে যারা সামনে থেকে কাজ করছেন তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.