বড়লেখা প্রতিনিধি | ২৮ মার্চ, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার হাটবন্দ এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পরে সেখান থেকে খাদ্যসামগ্রীগুলো উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কৃষি কর্মকর্তা দেবল সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান প্রমুখ।
এ ব্যাপারে জেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতিতে দরিদ্র মানুষ কর্মহীন হয়েছে। তারা কাজেকর্মে যেতে পারছেন না। এ অবস্থায় তারা যাতে না খেয়ে থাকেন, সে জন্য আমরা তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। প্রথম দফায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তায় দেওয়া হয়েছে। আরও বরাদ্দ পেলে তা বিতরণ করবো।’