Sylhet Today 24 PRINT

ব্যক্তিগত সচেতনতা করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে: মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জীবানুনাশক ছিটানো হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে নগরবাসিকে মুক্ত রাখতে রাস্তা ও রাস্তার আশপাশে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার দুপুরে নগরির শাহজালাল উপশহরে জীবানুনাশক ছিটানোর কর্মসূচী পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট সিটি করপোরেশনের ৬, ৭, ১০, ১৪, ২২ , ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে জীবনুনাশক ছিটানো হয়।

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরবাসির প্রতি আহবান জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সবাইকে নিজ নিজ বাসাবাড়িতে অবস্থানের জন্যও অনুরোধ করেন। ব্যক্তিগত সচেতনতা করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, সিলেট সিটি করপোরেশন সর্বাত্মকভাবে নাগরিকদের নিরাপদ রাখতে কাজ করছে। ধারাবাহিকভাবে নগরির প্রত্যেকটি এলাকায় জীবানুনাশক ছিটানো হবে বলেও জানান সিসিক মেয়র।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শাখা ও যান্ত্রিক শাখার অনন্ত ৪০ জন কর্মী প্রতিদিন নগরিকে জীবানুমুক্তকরণের এ কাজে অংশ নিচ্ছেন। ৬ টি গাড়ি দিয়ে ব্লিচিং পাউডার, ফিনাইল ও ডিটাটাজেন্ট দ্বারা তৈরী জীবানুনাশক ছিটানো হচ্ছে।  

এছাড়া করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতামূলক কর্মসূচীর আওতায় নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে লিফলেট।

ডা. জাহিদুল ইসলাম জানান, নগরির বস্তি এলাকার নাগরিকদের মধ্যে মাস্ক বিতরণের উদ্যোগও নেয়া হয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.