নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ, ২০২০
সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুরে দা ও কোদাল দিয়ে পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আতিকুর রহমান রাহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) ভোর ৪ টায় তথ্য প্রযুক্তি সহায়তায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সৎপুরে তার ভায়রার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) দা ও কোদাল দিয়ে পিতা ও মাতার উপর হামলা করেন রাহেল। এতে ঘটনাস্থলেই তার পিতা করিম খান মৃত্যুবরণ করেন।
পুলিশ জানায়, সকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের হত্যাকারীর পিতা আবদুল করিম খান (৭০) ও মাতা মিনারা বেগম (৫৫) তাদের ছেলে আতিকুর রহমান রাহেলকে (৩৬) বাড়ির সামনের গাছ কাটতে গেলে তারা বাঁধা দেন। এসময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাহেল আহমদ উত্তেজিত হয়ে হাতে থাকা দা ও কোদাল দিয়ে পিতা ও মাতার উপর হামলা করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে রাহেল আহমদ পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার পিতা করিম খান মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারা বেগমকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, পিতার হত্যাকারী ঘাতক পুত্র রাহেলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র (দা ও কোদাল) উদ্ধারে অভিযান অব্যাহত আছে। ভিকটিমের পরিবার হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।