Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে শাহাব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকার ছিয়া কুনা হাওরে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মস্কন্দর আলীর ছেলে।

জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে বোরো ধানের চাষ দেখতে হরিপুর ছিয়া কুনা হাওরে যান শাহাব উদ্দিন। এ সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তখন শাহাব উদ্দিনের চিৎকার শুনে হাওরে থাকা কৃষক আবুল কালাম এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকনাগুল বাজারের এক ফার্মেসিতে নিয়ে যান।

সেখানে শাহাব উদ্দিনের পা শক্ত করে বেঁধে দিয়ে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এরপর তাকে নিয়ে আসা হয় শাহপরান এলাকার এক কবিরাজের কাছে। কবিরাজ জ্ঞান ফেরাতে ব্যর্থ হলে দুপুরে শাহাব উদ্দিনকে নিয়ে যাওয়া হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.