নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর, ২০১৫
বৈশাখী টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৭ টার দিকে আব্দুল্লাহ (২২) নামের ওই যুবককে ঝর্ণারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটক আব্দুল্লাহ সংঘবদ্ধ গ্রিলকাটা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গত রোববার শাহাব উদ্দিন শিহাবের ঝরনারপাড় ৮৯/সি বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরদল তার বাসার কলাপসেপল গেটের পাশের গ্রিল কেটে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে একটি ল্যাপটপ, মাটির ব্যাংকে গচ্ছিত টাকা, দামি কাপড়-চোপড়, ফ্রিজ থেকে কোরবানির গরুর মাংস এবং ব্যক্তিগত পার্সপোট (নং-এএফ-৯০৫৯৪০৬) নিয়ে যায়। পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা লাগানো ছিল।
এ ঘটনায় সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব বাদি হয়ে সোমবার কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (নং- ৩৫) দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই কামাল জানিয়েছেন, ঘটনার পর থেকেই চোরচক্রকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রিলকাটা চোর চক্রের সক্রিয় সদস্য আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরির বিষয়ে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান এসআই কামাল।