Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে পল্লী চিকিৎসককে জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিজ নামের পাশে ‘ডাক্তার’ লিখার অপরাধে পল্লী চিকিৎসক বনজ কুমার হালদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পুরানবাজারে চিকিৎসকের চেম্বারে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

এর আগে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম পুরানবাজারে সচেতনতামূলক প্রচারাভিযান করেন। এসময় বনজ কুমার হালদারের চেম্বারে লোকজনের সমাগম দেখে সেখানে চিকিৎসকের সাথে কথা বলে জানেন বনজ কুমার একজন পল্লী চিকিৎসক, তবে সাইন বোর্ড ও রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখে রেখেছেন।

মেজর আরিফ কথা বলে জানতে পারেন, তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে সরকারি চাকুরীজীবী এবং অফিস টাইমে প্রাইভেট চেম্বার করছেন। এসব অপরাধে তাকে জরিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে বনজ কুমার হালদারকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার জানান, বনজ কুমার হালদার একজন কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকুরীজীবী। তিনি হাসপাতালের দায়িত্ব ফেলে প্রাইভেট চেম্বারে রোগি দেখছেন এবং পল্লী চিকিৎসক না লিখে ডাক্তার লিখে রেখেছেন। তাই জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.