Sylhet Today 24 PRINT

বহুল আলোচিত শিশু রাজন হত্যার বিচার শুরু

নিউজ ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৫

সাক্ষ্যগ্রহণের মধ্যেদিয়ে আজ শুরু হলো বহুল আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার বিচার কার্যক্রম।

গত ২২ সেপ্টেম্বর চাঞ্চল্যকর এই হত্যা মামলায় সৌদি-আরবে আটক কামরুলসহ ১৩ আসামির বিরুদ্ধে ৩০২/২০১/৩৪ ধারায় চার্জ গঠন করার পর আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সিলেট মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে এই হত্যা মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হবে।

আদালতে বিচারক মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে টানা সাক্ষ্য গ্রহনের ৯টি তারিখ ধার্য্য করেন। যথাক্রমে- ১. ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে রাজন হত্যা মামলার বিচারকার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এ মামলার অভিযুক্তরা হলেন- সিলেট সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে সৌদি আরবে আটক কামরুল ইসলাম, তার সহোদর মুহিত আলম ওরফে মুহিত আলম, আলী হায়দার ওরফে আলী ও শামীম আলম, দিরাইয়ের বাসিন্দা পাভেল ইসলাম, চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, জালালাবাদ থানার টুকেরবাজার ইউনিয়নের পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে ন‍ূর মিয়া, দুলাল আহমদ, আয়াজ আলী, তাজ উদ্দিন বাদল, ফিরোজ মিয়া, আছমত আলী ওরফে আছমত উল্ল্যাহ ও রুহুল আমিন ওরফে রুহেল।

তাদের মধ্যে সৌদি-আরবে আটক রয়েছেন কামরুল ইসলাম, শামীম আলম ও পাভেল ইসলামকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই ভোরে ‘চোর’ সন্দেহে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পৈচাশিক নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয় নির্যাতনকারীরা। প্রায় ২৮ মিনিটের সেই ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। নিহত রাজন সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুল ইসলামের (আলম) ছেলে। হত্যাকাণ্ডের পর মহানগরীর জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) বাদী হয়ে মুহিত আলমসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গত ১৬ আগস্ট সৌদি-আরবে আটক কামরুল ইসলামসহ ১৩ আসামিকে অভিযুক্ত করে আদালতে এ হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার। এর আগে মুহিত আলমসহ ৮ জন এ ঘটনায় আদালতে হত্যার দায় স্বীকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ২৪ আগস্ট আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। গত ২৫ আগস্ট জালালাবাদ থানা পুলিশ ৩ পলাতক আসামির মালামাল ক্রোক করে থানায় নিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.