Sylhet Today 24 PRINT

বন্ধুর প্রেমে স্ত্রী, নিজ হাতে বিয়ে দিলেন স্বামী

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ অক্টোবর, ২০১৫

বন্ধুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন স্ত্রী। এমন সংবাদ পেলে যে কোন স্বামীই ক্ষুব্দ হবেন। স্ত্রীর উপর নাখোশ হবেন। তবে অদ্ভুত এক ঘটনা ঘটেছে মৌলভীবাজারে।

বন্ধুর সাথে পরকীয়ায় মজেছেন স্ত্রী, এই খবর শুনে ক্ষুব্দ না হয়ে বরং নিজ হাতে বন্ধুর সাথে স্ত্রীকে বিয়ে দিয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক ব্যক্তি। কাজের মতো লোকটার নামও অদ্ভুত। বৈজ্ঞানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরমান আলী ওরফে বৈজ্ঞানিক (৫২) বিয়ে করেছেন দুটি। নূরেতুন বেগম (৩২) তার দ্বিতীয় স্ত্রী। বৈজ্ঞানিকের বন্ধু মাসুক মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নূরেতুন বেগম।

কিছুদিন আগে প্রেমের টানে মাসুক মিয়ার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান নূরেতন বেগম। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তাদের ফিরিয়ে এনে ফরমান আলী বৈজ্ঞানিক নিজে উদ্যােগী হয়ে বন্ধুর হাতে স্ত্রীকে তুলে দেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে কুলাউড়ার পৃথিমপাশা কাজী অফিসে ২০ হাজার টাকা কাবিননামা সাব্যস্ত করে চারজন সাক্ষীর উপস্থিতিতে ওই বিয়ে পড়ানো হয়।

এই রাতেই মাসুক মিয়া নতুন স্ত্রীকে নিয়ে জয়পাশায় তার নিজ বাড়িতে ওঠেন।

জানা যায়, ফরমান আলী কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তির বাসিন্দা ও একজন নার্সারী মালিক। আর মাসুক মিয়া হবিগঞ্জের মনতলার বাসিন্দা হলেও কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একজন রিকশা চালক। মাসুক মিয়ার সঙ্গে ফরমান আলীর দীর্ঘদিনের বন্ধুত্ব।

জান যায়, ২৯ সেপ্টেম্বর রাতে দ্বিতীয় স্ত্রী নূরেতুন বেগমকে নিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে কাজী অফিসে গিয়ে উপস্থিত হন ফরমান আলী। সেখানে তিনি নূরেতুনকে তালাক দেন। একই সময়ে চারজন সাক্ষীর উপস্থিতিতে বন্ধু মাসুক মিয়ার সঙ্গে নূরেতুন বেগমের বিয়ে দিয়ে দেন।

পৃথিমপাশা ইউনিয়নের কাজী রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.