গোয়াইনঘাট প্রতিনিধি | ১০ এপ্রিল, ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সৃষ্ট মহামারী থেকে বাংলাদেশকে রক্ষায় সরকারের বিভিন্ন গণসচেতনতামুলক উদ্যোগ ও নির্দেশনা মেনে চলতে প্রশাসনের নজরধারি অব্যাহত রয়েছে। গোয়াইনঘাট উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টিতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার নির্দেশিত ধারাবাহিক কর্মসূচীর আওতায় আলেম সমাজের সাথে বৈঠক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের উপজেলা সদর বাসভবনের নিচতলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বৈঠকে ধর্মপ্রাণ মুসল্লিদের এবাদত নিজ গৃহে পালনের পাশাপাশি জুমার সালাতে অনধিক ১০জন ও প্রতি ওয়াক্তের সালাতে অনধিক ৫জন মুসল্লির সমন্বয়ে সালাত সম্পন্নের সিদ্ধান্ত মেনে চলার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন দারুস সালাম, দারুল লাফনাউট মাদ্রাসার প্রিন্সিপাল খলিফায়ে ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তা, গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,আলেমে দ্বীন হযরত মাওলানা আমিনুর রশিদ, গোয়াইনঘাটের উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ।
সভা শেষে এ ব্যাপারে দারুস সালাম,দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল খালিক চাক্তা ও গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ জানান, ধর্মীয় অনুশাসন বেষ্টিত অঞ্চল সিলেটের গোয়াইনঘাটের সবকটি এলাকায় করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগের সময় সরকারি নির্দেশনা মানার কথা বলা হয়েছে। নির্দেশনা মোতাবেক জামায়াতে ৫জন এবং পবিত্র জুমার নামাজে ১০ জন মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায়ের সিদ্ধান্ত পালনে আমরা একমত হয়েছি। এ নির্দেশনা উপজেলার সবকটি ইউনিয়ন ও গ্রাম সমূহের মসজিদ ও মাদ্রাসা সমূহের ইমাম খতিব ও মোয়াজ্জিনগনকে মেনে চলতে অনুরোধ করা হয়েছে।