Sylhet Today 24 PRINT

সিলেটে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত থাকবে দুটি বেসরকারি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে নগরীর দুটি বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখবে সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গনেস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর হোটেল নূরজাহান গ্র্যান্ডে সিলেটের হাসপাতালগুলোর পরিচালকদের নিয়ে জরুরি সভায় দুটি হাসপাতাল প্রস্তুত রাখাসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে করোনা পরিস্থিতিতে সিলেটে আক্রান্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্তগুলো হচ্ছে, দুইটি বড় বেসরকারি হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত থাকবে, রোগীদের জন্য ১০টি নির্ধারিত নাম্বার থেকে ফোনে পরামর্শ দেওয়া হবে, তিনটি অ্যাম্বুলেন্স রোগীদের বহন করার জন্য রাখা হবে যা বিএমএ এবং সিটি করপোরেশনের মাধ্যমে ব্যবস্থা করা হবে, সকল বেসরকারি হাসপাতালে ফ্লু কর্নারের দ্বারা সমস্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হবে, মৃত্য ব্যক্তির সৎকারের ক্ষেত্রে মেয়র পিকআপ ব্যবস্থা, মানিক পীর কবরস্থানে দাফন ও জানাজার ব্যবস্থাও করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন বিএমএ এর সদস্য সচিব ও করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান রোমান, রাগীব রাবেয়া মেডিকেলের পরিচালক ডা. মোহাম্মদ তারেক আজাদ, নর্থ ইস্ট মেডিকেলের পরিচালক ডা. নাজমুল হক, উইমেন্স মেডিকেলের পরিচালক ডা. মো. ফেরদৌস হাসান, পার্কভিউ মেডিকেলের পরিচালক ডা. এম এ ছালাম, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক ডা. এ কে আখতারুজ্জামান, ওয়েসিস হাসপাতালের পরিচালক ডা. সোলাইমান আহমেদ, আল হারামাইন হাসপাতালের পরিচালক ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী, ডা. সৈয়দ মাহমুদ হাসান ও জাকির আহমদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.