Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিশেষ অভিযানে ১৫ মামলা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধকালে সরকারি নির্দেশনা না মেনে বাড়ির বাহিরে বের হওয়াসহ নানা অপরাধে চলা বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ১০টি মামলা হয়েছে। ১০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১০ হাজার ৯০০ টাকা।

শনিবার (১১ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে সেনাবাহিনী সদস্য ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলা করা হয়েছে। এর মাঝে মোটরযান ১৯৮৩ আইন লঙ্ঘনের ৩টি মামলায় ৫শত টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়। সংক্রামক রোগে প্রতিরোধ ও নির্মল আইন ২০১৮-তে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বর্তমান সরকারি আইন অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ ধারায় ১১টি মামলায় ৬৪০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৫টি মামলায় ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলা ও নগদ ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এত কিছুর পরও কেন বিনা কারণে ছেলেরা মোটরসাইকেল নিয়ে বের হয়, বিনা কারণে মানুষজন বের হচ্ছে তা বুঝতে পারছেন না। কমলগঞ্জ উপজেলায় আগের চেয়ে মানুষজন কম বের হচ্ছে। এই মহামারি থেকে পরিত্রাণ পেতে হলে মানুষজনকে ঘরে থেকে নিয়ম কানুন মেনে চলতে হবে। তা না হলে বড় বিপদ ডেকে আনবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.