Sylhet Today 24 PRINT

ঝড়ে যান্ত্রিক গোলযোগ, বিদ্যুৎহীন সিলেট নগরী

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০২০

শনিবার বিকেল থেকেই সিলেটে শুরু হয়েছে তুমুল ঝড়। ঝড় শুরুর পর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে নগরীর বেশিরভাগ এলাকা। রাত পৌনে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি বেশিরভাগ এলাকায়ই।

বিদ্যৎবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে সিলেটে বিদ্যুতের মূল লাইনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। কুমারগাওয়ে বৈদ্যুতিক সাবস্টেশনের ব্রেকার পুড়ে গিয়েছে। রাতে অতিরিক্ত ব্রেকার দিয়ে মূল লাইন সংস্কার করা হয়েছে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ঝড়বৃষ্টির সময় কিছু সমস্যা হয়নি। আজকে কুমারগাওয়ে আমাদের মূল লাইনে সমস্যা দেখা দিয়েছে। এটি সমাধান করে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। অন্য এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ চালু করতে আমাদের কর্মীরা ঝড়ের মধ্যেও কাজ করছেন।

এদিকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে তীব্র বেগে বাতাস বইছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে শনিবার লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সন্ধ্যার পর থেকেই ফাঁকা রাস্তাঘাট। এরমধ্যে বিদ্যুৎ না থাকায় নগরীতে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.