Sylhet Today 24 PRINT

বাঁধ না দেওয়ায় ঝুঁকিতে তাহিরপুরের কুনারবন্দ ও মাটিয়ান হাওর

তাহিরপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২টি ছোট বাঁধ না দেওয়ায় ঝুঁকিতে রয়েছে কুনারবন্দ ও মাটিয়ান হাওর। প্রতি বছর এই দুইটি স্থানে বাঁধ দেয়া হলেও এবার এখনও দেয়া হয়নি। ফলে স্থানীয় এলাকাবাসী পাহাড়ি ঢলের পানি এই দুটি বাঁধ দিয়ে প্রবেশ করার আশঙ্কা করছেন।

বাঁধ দুটির অবস্থান উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খলিশাজুরী ও ইসলামপুর গ্রামের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের খলিশাজুরী গ্রামের সামনে ব্রিজের তলায় মাটি দেয়া হয়নি। ইসলামপুর গ্রামের সামনে নতুনবাজারে রাস্তায় একটু অংশ ভাঙ্গা। বাঁধগুলো ছোট হওয়ায় পিআইসি গঠন ছাড়াই প্রতিবছরই এই দুই জায়গায় মাটি ফেলা হয়। এবার হাওরের অন্যান্য বাঁধে মাটি দেয়া হলেও এই গুরুত্বপূর্ণ ২ জায়গায় মাটি দেয়া হয়নি। ফলে পাহাড়ি ঢলে পাটলাই নদী হয়ে এই দুই জায়গা দিয়ে পানি হাওরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে বাঁধগুলোতে মাটি ফেলা হয়নি। ফলে এলাকাবাসী মাঝে আতংক বিরাজ করছে।

খলিশাজুরী গ্রামের বাসিন্দা হাবিনূর মিয়া বলেন, কুনারবন্দ ও মাটিয়ান হাওরে আমি প্রায় ২০ বিঘা জমিতে ধান চাষ করেছি। এবার ফসলেও কিছু হলে না খেয়ে থাকতে হবে। খলিশাজুরী গ্রামের ব্রিজের নিচে বাঁধ ও ইসলামপুর গ্রামের সামনে সড়কের খালে বাঁধ না দেয়ায় চিন্তায় রয়েছি।

নশাদ মিয়া বলেন, প্রতিবছর এই ২জায়গায় বাঁধ দেয়া হয়। পাহাড়ি ঢলে এদিকেও পানি আসে। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২ জায়গায় এখনো মাটি দেননি। ফলে ঝুঁকি রয়েছে দুটি হাওর।

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খসরুল আলম বলেন,এ ২টি বাঁধ ওয়াবদার আওতাভুক্ত তাই প্রতিবছর এই ২টি জায়গায় তারা বাঁধ দেয়। এবার দেয়া হয়নি। এছাড়াও এলাকার জনগণ আমাকে বিষয়টি জানায়নি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, এই বাঁধ দুটির বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.