সিলেটটুডে ডেস্ক | ১২ এপ্রিল, ২০২০
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পূর্ব পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়ার সময়সীমা জরিমানা ব্যতীত বৃদ্ধি বা সাময়িক বন্ধ রাখার জন্য সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সিলেট চেম্বারের সভাপতি জনাব আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ীরা ভ্যাট, ট্যাক্স প্রদানে সবসময় আন্তরিক। ইতিপূর্বে ব্যবসায়ীরা স্বপ্রণোদিতভাবে ভ্যাট, ট্যাক্স প্রদান করে তার স্বাক্ষর রেখেছে। করোনা ভাইরাসজনিত এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সব দোকান পাট বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। করোনা পরিস্থিতিতে দোকান পাট বন্ধ থাকায় মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল করা যাচ্ছে না। এক্ষেত্রে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা জরিমানা ব্যতীত বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বিশ্ব এখন এক ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। করোনা পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রয়েছে। তাছাড়া সিলেট জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল করা সিলেটের ব্যবসায়ীদের জন্য দুরূহ ব্যাপার।