Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে করোনা পরীক্ষার জন্য ১২ জনের নমুনা সংগ্রহ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২০

সিলেটের বিয়ানীবাজার থেকে সন্দেহভাজন আরও ১২ জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রোববার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদ, মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. জীবনানন্দ দেব রায়, এমটিইপিআই তপন কুমার, ল্যাব টেকনিশিয়ান সুজন অহিরের সমন্বয়ে গঠিত একটি টিম হাসপাতালের আইসোলেশনে থাকা তাবলীগ ও গার্মেন্টস কর্মীসহ আরও ১২ জনের নমুনা সংগ্রহ করেছেন। সন্দেহভাজন এই রোগীদের করোনা স্যাম্পল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। তবে হাসপাতালের আইসোলেশনে ১০ জনের স্যাম্পল সতর্কতাস্বরূপ পাঠানো হয়েছে।

এদিকে, গত ৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা থেকে সর্বমোট ১৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে পূর্বের ৭টি রিপোর্টই নেগেটিভ এসেছে বলে হাসপাতালের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে সম্প্রতি গাজীপুর, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরত আসা ১০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮ জন তাবলীগ কর্মী ও ২ জন গার্মেন্টস কর্মী রয়েছেন। তাদের রিপোর্ট না আসা পর্যন্ত এখানেই রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সিলেট জেলাকে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস নিয়ে সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলার মানুষের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে বিয়ানীবাজার উপজেলায় প্রবেশ-প্রস্থানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে থানা পুলিশ ইতোমধ্যে যানবাহন চলাচল সীমিত করার জন্য চেকপোস্ট বসিয়ে লকডাউন করে দিয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.