শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০২০
যেখানে করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশ লকডাউন করা হয়েছে। মানুষ চলাচল সীমিত করা হয়েছে। সেখানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেবা মূলক যান এ্যাম্বুলেন্স রোগীর নামে যাত্রী পরিবহন করছে। জরুরী রোগী বহনের জন্য এ্যাম্বুলেন্সগুলো চলাচল করছে। সেখানে সাধারণ যাত্রীদের এ্যাম্বুলেন্স ব্যবহার করে আসা যাওয়া চলমান সংকটে অনেক ঝুঁকি বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা।
সরজমিনে দেখা যায়, ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃংঙ্খলাবাহিনী চেকপোস্টে নিরাপত্তা বেশ জোরধার করেছে। আবার সড়কের বিভিন্ন জায়গায় বেশ কিছু যাত্রীকেই গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক সময় দাঁড়িয়ে কোন পরিবহনে যেতে না পেরে, বেশ কিছু যাত্রী এখন এ্যাম্বুলেন্সের ড্রাইভারকে লোভ দেখিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছেন।
জরুরী রোগী বহন করার কারণে এ্যাম্বুলেন্সগুলো চেক করা হয় না। এ সুযোগে কিছু কিছু অসাধু এ্যাম্বুলেন্স চালকরা অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এ অবৈধ পন্থা অবলম্বন করছেন বলে জানা যায়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন বলেন, এ বিষয়টি আমাদের জানা ছিল না। এখন থেকে আমরা এ বিষয়টি নজরদারীতে রাখবো।